ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাসের কাছে অবস্থিত দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজিতে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। শনিবারের এই বিস্ফোরণে আহত হয়েছেন আরও এক হাজারের বেশি মানুষ।
রবিবার হরমুজগান প্রদেশের এক সরকারি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদনে জানানো হয়, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দরের আশপাশের বহু ভবনের জানালা ও ছাদ উড়ে গেছে এবং প্রচুর গাড়ি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের প্রচণ্ড শব্দ ৫০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা গেছে। এখনও পর্যন্ত ছয়জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে হরমুজগান প্রদেশের সরকারি কর্মকর্তা মোহাম্মদ আশৌরি জানিয়েছেন, নিহতের সংখ্যা ৪০ জনে পৌঁছেছে। বিস্ফোরণের পর প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, ঘটনাস্থলে ভয়াবহ আগুন জ্বলছে এবং মানুষজন প্রাণ বাঁচাতে পালাচ্ছে। ধ্বংসস্তূপের আঘাতে অনেককে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তদন্তের দায়িত্বে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।






















