ইয়েমেনের তাইজ ও হোদাইদা এলাকায় হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে গত ৪৮ ঘণ্টায় শতাধিক সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) আলজাজিরাকে হুতি বিদ্রোহীদের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।
হুতি সূত্রের দাবি, গত দুই দিনে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হয়েছে। এতে উভয় পক্ষের শতাধিক সেনা হতাহত হয়েছেন।
এদিকে লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী মোখার একটি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে হুতিরা। এতে বেশ কয়েকজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। তবে নিহতের নির্দিষ্ট সংখ্যা জানানো হয়নি।
গত বৃহস্পতিবার থেকে হুতি ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। শুক্রবারও বিভিন্ন এলাকায় দুই পক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল।
হুতিরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির প্রায় অর্ধেক অঞ্চল নিয়ন্ত্রণ করছে। অন্যদিকে বাকি অংশের নিয়ন্ত্রণ রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর হাতে।
ইয়েমেনের চলমান সংঘাতে হুতিদের ইরান সমর্থন করে বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে দেশটির সরকারি বাহিনীকে সৌদি আরবসহ আঞ্চলিক কয়েকটি দেশ সমর্থন দিয়ে আসছে।
সূত্র: আলজাজিরা
আন্তর্জাতিক ডেস্ক 




















