মালয়েশিয়ায় দুদিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর। সফরের প্রথম ধাপে তিনি মালয়েশিয়া সফর করেন এবং সেখানে আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পরে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে বৈঠক অনুষ্ঠিত হয়।
চীন সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

স্টাফ রিপোর্টার 
























