কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, তাঁর দলের নেতাকর্মীরা এখন থেকে নির্দ্বিধায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেবেন। আর এই স্লোগান দেওয়াকে যদি অপরাধ হিসেবে গণ্য করা হয়, তবে গ্রেপ্তার করার তালিকায় তাঁকেই সবার আগে রাখতে হবে।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে মা–বাবার কবর জিয়ারত শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তাঁর বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকী কারামুক্ত হওয়ার পর পরিবারের সদস্য ও সমর্থকদের নিয়ে তিনি কবর জিয়ারতে যান।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের সিদ্দিকী বলেন, দেশের অধিকাংশ মানুষ যদি ভোট দিতে না পারে, তবে সেই নির্বাচনে তাঁরা অংশ নেবেন না। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ১৫ মাসেও তাঁদের মতামত জানতে সরকার আহ্বান জানায়নি। “কাল একটি চিঠি পেয়েছি, ভেবেছিলাম সরকার হয়তো ডাকছে। পরে দেখি নির্বাচন কমিশনের আমন্ত্রণ। সরকার ডাকলে যেতাম না, তবে নির্বাচন কমিশন যা বলবে তা বলতে গিয়েছি,”—বলেন তিনি।
আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে কাদের সিদ্দিকী আরও বলেন, জনগণ যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটাই বড় বিষয়।
সমাবেশে লতিফ সিদ্দিকী বলেন, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তিনি উপলব্ধি করেছেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়াই তাঁদের জন্য সৌভাগ্য হয়েছে। তাঁর ভাষায়, “জেলে গিয়ে দেখেছি ৫ আগস্টের আগের অনেক বড় নেতা–কুতুবের ভাবমূর্তি ভেঙে গেছে। আল্লাহ অহংকারকে পছন্দ করেন না।”
এর আগে দুপুরে লতিফ সিদ্দিকীর বাড়ির সামনে থেকে মোটরসাইকেল ও গাড়িবহর নিয়ে কর্মী–সমর্থকেরা ছাতিহাটি গ্রামের দিকে রওনা দেন। স্লোগান দিতে দিতে তাঁরা কবরস্থানে পৌঁছান এবং জুমার নামাজ শেষে দুই ভাই কবর জিয়ারত করেন। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার 
























