বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় তিনি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রশিক্ষণ এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একটি ‘রেইড’ মহড়া প্রত্যক্ষ করেন এবং যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান, রণকৌশল ও সমরাস্ত্র ব্যবহারের বিভিন্ন দিক পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রী সেনা বাঙ্কারে গিয়ে মহড়ায় অংশ নেওয়া অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ দেন। পরে সেনাসদস্যদের জন্য প্রস্তুত করা খাবার গ্রহণ ও তাদের সঙ্গে চা পান করেন।
সেনাসদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। তিনি জাতীয় সংকট ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন এবং পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিকসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 






















