নেতাকর্মীদের পাশে নিয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো: রোকনুজ্জামান সরকার। এ সময় উৎসবমুখর পরিবেশে সদ্য সাবেক সিটি প্রশাসক ও বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী তার কাছে দায়িত্ব হস্থান্তর করেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহন করা হয়। এরপর দফায় দফায় মসিক কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে দিনভর দফায় দফায় বৈঠকে ব্যস্ত সময় পার করেন এই নয়া প্রশাসক।
এ সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রোকনুজ্জামান সরকার তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন- আসন্ন ঈদ উপলক্ষে নগরীর যানজট নিরসনই হবে আমার প্রথম কাজ। ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করতে একদল ভলান্টিয়ার থাকবে। তারা ‘সেবক’ লেখা জার্সি পরে সড়কে কাজ করবে এবং তাদের টিম লিডার হিসেবে আমি নিজেই মাঠে থাকব। নগরীর পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি আরও বলেন, ৬৮৭ জন পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও নগরী অপরিচ্ছন্ন থাকা কাম্য নয়। এজন্য প্রতিটি কর্মীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। এ সময় নয়া প্রশাসক বলেন, নগরবাসী এখন থেকে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবে না। এখন থেকে এ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক।
ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে নবনিযুক্ত প্রশাসক বলেন, আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই। সিটি করপোরেশনকে নতুন করে ঢেলে সাজাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সহায়তা চেয়েছি এবং তিনি আমাকে আশ্বস্থ করেছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমি দাপ্তরিক ফাইলের চেয়ে মাঠের কাজকে বেশি গুরুত্ব দিতে চাই এবং নিজের কাজের গঠনমূলক সমালোচনার জন্য প্রতি মাসে একদিন সাংবাদিকদের মুখোমুখি হওয়ার পরিকল্পনা রয়েছে, বলেও জানান তিনি।
এদিকে এদিন সকালে নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয় থেকে ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য মো: জাকির হোসেন বাবলুর নেতৃত্বে দলীয় নেতাকর্মী বেষ্টিত হয়ে নগর ভবনে যান রোকনুজ্জামান সরকার।
এর আগে গত শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মো. রোকনুজ্জামান সরকারকে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার।
স্টাফ রিপোর্টার 






















