এক বছর বিরতির পর ময়মনসিংহে শুরু হয়েছে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ। রাউন্ড–রবিন পদ্ধতিতে এ খেলায় প্রতিটি দলই মুখোমুখি হবে অন্য দলের বিপক্ষে। এতে মোট অনুষ্ঠিত ৫৫টি ম্যাচ অনুষ্ঠিন হবে।
শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে এ লীগের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবার মাঠে নামছে স্থানীয় ১১টি দল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় থানার ঘাট স্পোর্টিং ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এ সময় ব্যাট–বলের লড়াই উপভোগ করতে সকাল থেকেই মাঠে জড়ো হন ক্রিকেট প্রেমী দর্শকরা।
উদ্বোধনী আনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক আকন্দ লিটন, একেএম মাহাবুবুল আলম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আল আমিন প্রমূখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক, দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেস পত্রিকার প্রধান সম্পাদক ও ক্রিকেট কমিটির সদস্য সচিব মুনসুর আলম চন্দন।
মুনসুর আলম চন্দন বলেন, “ময়মনসিংহে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের পুনরায় সূচনা আমাদের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। এ ধরনের আয়োজনে তরুণ খেলোয়াড়রা নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পায় এবং এখান থেকেই অনেক সম্ভাবনাময় প্রতিভা উঠে আসে। আমরা বিশ্বাস করি, নিয়মিত ক্রিকেট আয়োজন ময়মনসিংহের ক্রীড়া উন্নয়নে নতুন গতি আনবে এবং দেশের ক্রিকেটকে আরো সমৃদ্ধ করবে।”
জেলা ক্রিকেটের বিকাশে এ ধরনের আয়োজনে স্পন্সরদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে লিটন আকন্দ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে দেশের ক্রীড়াঙ্গন ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা আশা করছি এই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের ক্রীড়াঙ্গনে নতুন উদ্যোম সৃষ্টি হবে।
তাছাড়া এধরনের আয়োজন ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো আল আমিন।
স্টাফ রিপোর্টার 






















