মাদকদ্রব্য উদ্ধারে দেশ সেরা হয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। দেশ সেরার পুলিশ সুপারের পুরস্কার গ্রহণ করেছেন মোহাম্মদ কামরুল হাসান। এদিকে, গত চার মাসের পরিসংখ্যান অনুযায়ী দেশে ৩ কোটি ৬৯ লক্ষ ৫ হাজার ৮৫০ টাকা মুল্যের মাদক জব্দ করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক অনুষ্ঠানে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার হয়েছেন মোহাম্মদ কামরুল হাসান
চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল—এই চার মাসে ময়মনসিংহ জেলা পুলিশ মাদকবিরোধী অভিযানে মোট ৪০৮টি মামলা দায়ের করেছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৬৯৬ জনকে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
গত চার মাসের পরিসংখ্যান অনুয়ায়ী, জানুয়ারি মাসে ১০৩টি মাদক মামলায় ১৫৬ জনকে আসামি করা হয়। ফেব্রুয়ারিতে ৮৮টি মামলায় ১২৪ জন, মার্চে ১১৪টি মামলায় ২১৪ জন এবং এপ্রিলে ১০৩টি মামলায় ২০২ জনকে আসামি করা হয়েছে।
চার মাসে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ৭৯ হাজার ২২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৬৬ দশমিক ০৫ গ্রাম হেরোইন, ১৮৬ কেজি ২০১ গ্রাম গাঁজা, ৪০টি গাঁজা গাছ, ১৪ বোতল ফেনসিডিল, ২ হাজার ৯৭১ লিটার দেশীয় মদ, ৪০০ লিটার ওয়াশ, ৫২৪ বোতল বিদেশি মদ, ১ হাজার ৩৭৫ অ্যাম্পুল ইনজেকশন এবং ৭১৮ পিস ট্যাপেন্টাডল।
চার মাসে উদ্ধার হওয়া এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৯ লক্ষ ৫ হাজার ৮৫০ টাকা। এর মধ্যে শুধু জানুয়ারি মাসেই উদ্ধারকৃত মাদকের মূল্য ছিল ১ কোটি ১ লাখ ৮৩ হাজার টাকা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলার প্রতিটি থানা ও ইউনিট সমন্বিতভাবে কাজ করেছে। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক কার্যক্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) (প্রশাসন-ডিবি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মাদক নিয়ন্ত্রণে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের সফলতা শুধু আমাদের না। জেলার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের। তাছাড়া, সংবাদ মাধ্যমগুলো আমাদের উৎসাহিত করেছে বলেই আজ আমরা দেশসেরা হয়েছি।
ময়মনসিংহ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, এই অর্জন ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, সাহস ও কঠোর পরিশ্রমের ফল। মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 





















