অনলাইনে মাদক কেনাবেচা, সরবরাহ, বিজ্ঞাপন, মধ্যস্থতা বা লেনদেনের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন। জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়। রাষ্ট্রপতির সম্মতি পেলেই এটি আইনে পরিণত হবে।
নতুন আইনে বলা হয়েছে, অনলাইনে সংঘটিত মাদকসংক্রান্ত অপরাধ প্রমাণের জন্য অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না।
এ ছাড়া আইনে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত কর্মকর্তাদের আগ্নেয়াস্ত্র বহনের সুযোগ, নিজস্ব হাজতখানা ও অস্ত্রাগার স্থাপন, ডগ স্কোয়াড গঠন এবং মাদকসংক্রান্ত সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ শাখা ও ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে।

স্টাফ রিপোর্টার 






















