ময়মনসিংহে আর অপরিকল্পিত নগরায়ন হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। তিনি বলেন, আর অপরিকল্পিত নগরী তৈরী হবে না। ইতিমধ্যে উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে মাষ্টারপ্ল্যান তৈরীর সভা হয়েছে, আমরা কাজ শুরু করেছি। এই মাষ্টারপ্ল্যান অনুযায়ি নগরীর প্রত্যেকটি ড্রেনেজ সিস্টেম, খাল খনন এবং ভবন নির্মাণ মাষ্টারপ্ল্যানের আওতায় থাকবে। এর মধ্যদিয়ে আমরা ময়মনসিংহকে একটি অত্যাধুনিক নগরী হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করেছি।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ঘরের মেঝেতে সৃষ্ট জলাবদ্ধতার পানিতে পড়ে ৮ মাস বয়সি শিশু আয়াসের মৃত্যুর ঘটনায় পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি দুঃখজনক এবং মর্মান্তিক উল্লেখ করে মউক চেয়ারম্যান বলেন, আমাদের সবচেয়ে প্রিয় জিনিস সন্তান। সেই সন্তান যদি ঘরের মেজেতে জলাবদ্ধতার পানি ডুবে মারা যায়, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর কী হতে পারে ? এজন্য আমরা পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে এসেছি। আমরা এই পরিবারটির পাশে থাকবো এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সাহায্য অব্যাহত রাখবো। আমরা জনগনের পাশে আছি এবং থাকবো। কোন বিষয়ে জনগনের যেন দুর্ভোগ না হয়, সেদিকে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।
অপরিকল্পিত নগারায়নের জন্য আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে মোতাহার তালুকদার আরো বলেন, বিগত ১৭ বছরে যারা এই সিটি করপোরেশনের দায়িত্বে ছিল, তারা মাষ্টারপ্ল্যানের কোন উদ্যোগ নেয় নাই। শুধুমাত্র তারা লোক দেখানো উন্নয়ন দেখিয়েছে। কিন্তু বাস্তবে ড্রেনেজ সিস্টেম ও খাল খনন, এসব কাজে তারা হাত দেয় নাই। তারা ড্রেন বা খালের গভীরতা তৈরী করে নাই। এ কারণে সামান্য বৃষ্টি হলে ময়মনসিংহ শহর পানিতে ভেসে যায়। শিশু আয়াসের মৃত্যুর ঘটনাটি এর জলন্ত দৃষ্টান্ত।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন, বিএনপি নেতা হাবিবুল্লাহ ডালিম, বাহার উদ্দিন, কৃষকদল নেতা হীরা, যুবদল নেতা, আরমান, মামুনসহ শিশু আয়াসের পরিবারের সদস্যরা।
এর আগে গতকাল বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় ভারি বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরের মেঝেতে পানিতে পড়ে মারা যায় ৮ মাস বয়সি শিশু আয়াস। এ ঘটনায় জনমনে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

স্টাফ রিপোর্টার 























