ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক একেএম সুজাউদ্দিন সুজা মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজনৈতিক সহকর্মী ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন জানান, বুধবার রাত ৩টার দিকে হঠাৎ স্ট্রোক করলে গুরুতর অসুস্থ অবস্থায় সুজাউদ্দিন সুজাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
সুজাউদ্দিন সুজা ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের একেএম ফজলুল হকের ছেলে। তিন বোনের মধ্যে তিনি ছিলেন পরিবারের একমাত্র ছেলে।
ছাত্ররাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সুজা সাংগঠনিক দক্ষতা ও কর্মীবান্ধব নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
স্টাফ রিপোর্টার 






















