ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজ ছাত্রীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়া এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮)।
স্থানীয় সূত্রে জানায়, উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) বাড়ির পাশে ছিলেন। হালকা বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষনা করেন। তুলি ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ১ম বর্ষের ছাত্রী।
অপরদিকে নিজপাড়া গ্রামের মিজানুর রহমান বলেন, তার ইউনিয়নের নিজপাড়া গ্রামের আব্দুল খালেক বাজার থেকে বাড়িতে ফেরার সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ বলেন, এ ধরনের দূর্ঘটনার জন্য সরকারী যে সহযোগিতা আছে তা দেয়া হবে। বজ্রপাত সহনীয় তাল গাছ রোপনের প্রতি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্টাফ রিপোর্টার 

























