ময়মনসিংহে পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী রায়হান রহমান মুন্না। তিনি আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
সোমবার (১৬ মার্চ) নগরীর সেনবাড়ী এলাকার স্থানীয় একটি মসজিদে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় কাউন্সিলর পদপ্রার্থী রায়হান রহমান মুন্না বলেন, “আমি এলাকাবাসীর সেবা করতে চাই। আপনারা জানেন, অতীতেও সাধ্যমতো আমি মানুষের পাশে দাঁড়িয়েছি এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করেছি। মহান আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, তবে আগামীতেও সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন স্থানীয় আলেম মাওলানা আইনুল হক। তিনি বলেন, “ইফতারের আয়োজনটি অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ছিল। আমরা দোয়া করি, আল্লাহ যেন মুন্না সাহেবকে মানুষের খেদমত করার তওফিক দান করেন।”
ইফতার মাহফিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আমিন, তৌকির রহমান সম্রাট, রাকিব, সজিব হাসান, রাজন আহমেদ প্রমুখ। দোয়া ও ইফতার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মো. মনিরুজ্জামান 





















