সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার বারহাট্টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুর ১২টায় বারহাট্টা প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে প্রেসক্লাব কর্তৃপক্ষ।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বক্তারা বলেন, তুহিন হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো প্রহসনে পরিণত না হয়। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তায় বিশেষ আইন প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানান, যাতে সংবাদকর্মীরা নির্ভয়ে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।
মানববন্ধনে বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল, সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আনিছুল আলম তালুকদার শামীম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের কর্মকর্তা মাজহারুল ইসলাম মাজু, প্রেসক্লাব সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।





















