অকুপেশনাল থেরাপি (Occupational Therapy) হলো একটি আধুনিক ও বৈজ্ঞানিক স্বাস্থ্যসেবা পদ্ধতি, যেখানে বিভিন্ন থেরাপিউটিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কাজ করার দক্ষতা বৃদ্ধি করা হয়। অকুপেশনাল থেরাপি শুধু কোনো রোগের চিকিৎসা নয়, বরং একজন মানুষের আত্মবিশ্বাস, স্বাধীনতা ও জীবনমান উন্নত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
অকুপেশনাল থেরাপি চিকিৎসার মূল উদ্দেশ্য হলো একজন ব্যক্তিকে তার দৈনন্দিন জীবনে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। তার শারীরিক, মানসিক, সামাজিক ও বুদ্ধি-বিকাশজনিত কোনো সমস্যা থাকলেও সে যাতে স্বাভাবিক ও স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে সেই সহায়তা করা।
একজন অকুপেশনাল থেরাপিস্ট প্রতিবন্ধী এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিকে নিয়ে কাজ করে। প্রত্যেক বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ এর স্বাভাবিকভাবে বেঁচে থাকার এবং সক্রিয়ভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করার অধিকার রয়েছে। শিশু থেকে বয়স্ক, সব বয়সের মানুষই অকুপেশনাল থেরাপি সেবা নিতে পারে। বিশেষ করে শিশুদের অটিজম, এডিএইচডি (অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার), সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, ডেভেলপমেন্টাল ডিলে, লার্নিং ডিসেবিলিটি ও স্নায়বিক রোগ, যেমন- স্ট্রোক, মেরুরজ্জুর আঘাত, পারকিনসন্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, মস্তিষ্কের আঘাত (টিবিআই) এবং অর্থোপেডিক ও শারীরিক সমস্যা, যেমন- ফ্র্যাকচার, আর্থ্রাইটিস, হাতের আঘাত, আগুনে পোড়া, অ্যাম্পুটেশন, এবং মানসিক স্বাস্থ্যগত সমস্যা, যেমন- ডিপ্রেসন, অ্যাংজাইটি ডিজর্ডার, সিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, ডিমেনসিয়া। পাশাপাশি একজন অকুপেশনাল থেরাপিস্ট আরো যেসকল রোগের চিকিৎসাসেবা প্রদান করে থাকে, সেগুলো হলো- দীর্ঘস্থায়ী ব্যথা বা ক্রনিক পেইন, অপারেশন পরবর্তী পুনর্বাসন, অকুপেশনাল স্ট্রেস এন্ড আর্গোনমিক সমস্যা।
অকুপেশনাল থেরাপিস্টদের কর্মক্ষেত্র:
• হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র,
• বিশেষ ও অন্তর্ভুক্তিমূলক স্কুল,
• মানসিক স্বাস্থ্য কেন্দ্র,
• সমাজভিত্তিক পুনর্বাসন (সিবিআর) প্রোগ্রাম
• শিশু চিকিৎসালয়, অটিজম ও এডিএইচডি কেন্দ্র,
• স্ট্রোক ও স্নায়বিকরোগ পুনর্বাসন কেন্দ্র,
• অর্থোপেডিক ও হ্যান্ড থেরাপি কেন্দ্র,
• শিল্প/আর্গোনমিক্স ক্ষেত্র,
• বৃত্তিমূলক পুনর্বাসন কেন্দ্র,
• হোমবেসড থেরাপিসেবা,
• এনজিও ও কমিউনিটি স্বাস্থ্য কর্মসূচি,
• গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠান।
একজন অকুপেশনাল থেরাপিস্ট শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি, মানসিক রোগী, এবং দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজের দক্ষতা উন্নত করতে কাজ করেন। অকুপেশনাল থেরাপি এমন একটি পেশা, যা শুধু রোগের চিকিৎসা করে না, বরং মানুষের হারিয়ে যাওয়া হাসি, আত্মবিশ্বাস ও স্বপ্ন আবার ফিরিয়ে আনতে সাহায্য করে থাকে। যেসকল শিশু ঠিকমতো লিখতে পারে না, বা একজন পক্ষাগতগ্রস্ত ব্যক্তি, যে নিজের হাতে খেতে পারে না, অথবা যে ব্যক্তি মানসিক সমস্যার কারণে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে যায়, একজন অকুপেশনাল থেরাপিস্ট তাদের জীবনে নতুন আশার আলো হয়ে পাশে দাঁড়ান।
সর্বোপরি একজন অকুপেশনাল থেরাপিস্ট হলিস্টিক এপ্রোসের মাধ্যমে ছোট ছোট কাজের মধ্য দিয়েই একজন মানুষকে আবার স্বাভাবিক, স্বাধীন ও সুন্দর জীবনে ফিরিয়ে আনার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে থাকে, যা তাকে অন্য সব পেশা থেকে আলাদা ও বিশেষ করে তোলে।
লেখক- মারিয়া কিবতিয়া মনি,
৩য় বর্ষ, ব্যাচেলর অব সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি
ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এণ্ড হেলথ সায়েন্সেস
মারিয়া কিবতিয়া মনি 


























