হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। এ সময় অশ্রুসিক্ত অবস্থায় মুসল্লীসহ বিএনপির নেতাকর্মীদের প্রার্থনা করতে দেখা যায়।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা নগরীর বড় মসজিদ, বাস সিন্ডিকেট জামে মসজিদ, কাঁচারী নূর, জিলা স্কুল এবং গাঙ্গিনাপাড় মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে এই বিষয়ে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিটি মসজিদের ইমাম ও খতিবগণ বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। এতে মসজিদগুলোতে বিএনপি ও অংগ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও সমবেত মুসুল্লিরা অংশগ্রহণ করেন।
ময়মনসিংহ-৪ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এদিন নগরীর নতুন বাজার বাস সিন্ডিকেট জামে মসজিদে জুম্মার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আল্লাহর নিকট দোয়া কামনা করেন। এ সময় তিনি দেশের এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও গণতন্ত্র উত্তরণে এবার আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণের প্রয়োজনীয়তা জানিয়ে মহান আল্লাহর কাছে দ্রুত সুস্থতা কামনা করেন।
খবরের সত্যতা নিশ্চিত করে ওয়াহাব আকন্দ বলেন, পাড়া-মহল্লাভিত্তিক বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মসজিদগুলোতে দোয়া মাহফিলে অংশ নিয়েছে। এছাড়াও নগরীর মন্দির, গির্জা ও প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়গুলোতেও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে বলেও জানান এই বিএনপি নেতা।
স্টাফ রিপোর্টার 























