ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, হাজার হাজার ছাত্র ও সাধারণ মানুষ জীবন দিয়েছেন মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। শুধু ক্ষমতা বদলের জন্য নয়, যারা দেশকে বিদেশিদের প্রভাব ও শোষণ থেকে মুক্ত করতে চেয়েছে, তাদের উৎখাতের মাধ্যমে জনগণ স্বাধীনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
তিনি বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আট দলের আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, যারা দেশকে ভালোবাসে তারা রাজপথে নেমে এসেছে। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেবে, ইসলামের ও মানবতার পক্ষে।
সমাবেশে জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জুলাই আন্দোলনের মধ্যদিয়ে দেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, কিন্তু এখনও যুদ্ধ শেষ হয়নি। ইসলামের কায়েম এবং মানুষের কল্যাণের জন্য রাজনীতি করতে হবে। দেশের সংস্কার, অন্যায়কারীদের বিচার, ভালো ও খারাপের স্বচ্ছ বিচারের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের মানুষ আর ক্ষমতালোভীদের কাছে বঞ্চিত হবে না। যারা দেশে ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজদের প্রভাব ফেলেছে, তাদের এবার জনগণ নির্বাচনের মাধ্যমে প্রতিহত করবে। সমাবেশে জামায়াতে ইসলামের উচ্চপদস্থ নেতারা, খেলাফত মজলিস ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রতিনিধি ও সংগঠকরা বক্তব্য রাখেন।
চরমোনাই পীর ও নেতারা আহ্বান জানান, দেশের কল্যাণ এবং ইসলামের প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করতে হবে। সকল নাগরিক, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজনীতি ও প্রশাসনে জনগণের কল্যাণকে কেন্দ্রবিন্দু করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।
স্টাফ রিপোর্টার 
























