ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের রামবান জেলায় পাহাড়ি সড়কে একটি সেনাবাহিনীর গাড়ি গভীর খাদে পড়ে তিন সেনা সদস্য নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন—অমিত কুমার, সুজীত কুমার ও মান বাহাদুর।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর ওই গাড়িটি জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে জাতীয় সড়ক ৪৪ ধরে যাওয়ার সময় রামবানের ব্যাটারি চশমা এলাকায় ৭০০ ফুট গভীর খাদে পড়ে যায়। ভিডিওচিত্রে দেখা গেছে, খাদে পড়ে থাকা গাড়ির ধ্বংসাবশেষ, সেনা সদস্যদের মৃতদেহ এবং কিছু নথিপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
দুর্ঘটনার পর সেনাবাহিনী, জম্মু ও কাশ্মির পুলিশ, রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নেয়। এখনো কারও আহত হওয়ার খবর নিশ্চিত করা যায়নি।






















