জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সরকার সবসময় থাকবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সীমিত সম্পদের মধ্যেও এসব পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে বলে জানান তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “যে অপূরণীয় ক্ষতি আপনাদের হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবুও আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
তিনি বলেন, বাংলাদেশ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনের শহীদ ও ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন সময়ের গণতান্ত্রিক সংগ্রাম এবং সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আত্মদানকারীদের লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাস্তবতার কারণে অনেক কিছু দ্রুত করা সম্ভব না হলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। যারা দেশের মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন এবং শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে।
জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের আত্মত্যাগকে সরকারের কাজের মূল প্রেরণা উল্লেখ করে তিনি বলেন, তাদের ত্যাগ, সমর্থন ও সহযোগিতাই সরকারকে পূর্ণ উদ্যমে কাজ করার সাহস জোগাচ্ছে। “আপনারাই আমাদের শক্তি ও উদ্দীপনার মূল উৎস,” বলেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা বক্তব্য দেন এবং প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার 





















