পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে টানা দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করে নজর কাড়লেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। অভিষেক ম্যাচে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ৩ উইকেট নেওয়ার পর করাচি কিংসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নিলেন ৩ উইকেট, আর গড়লেন নিজের পিএসএল ক্যারিয়ার সেরা বোলিং ফিগার—৪ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।
রিশাদ নিজের প্রথম দুই ওভারেই শান মাসুদ, ইরফান খান ও আব্বাস আফ্রিদিকে ফিরিয়ে দেয় করাচিকে চাপে। তার স্পিন ঘূর্ণিতে মাত্র ৫০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে করাচি। এরপর হাসান আলী ও খুশদিল শাহ কিছুটা প্রতিরোধ গড়লেও, শাহীন শাহ আফ্রিদি ও রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় দলটি।
এর আগে লাহোর কালান্দার্স ব্যাট করতে নেমে ফখর জামান (৭৬) ও ড্যারিল মিচেল (৭৫)-এর ঝড়ো ব্যাটিংয়ে তোলে ২০১ রান। ছয় উইকেট হারিয়ে বড় স্কোর গড়ে দলটি।
শেষ পর্যন্ত রিশাদ ও শাহীন আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ৬৫ রানের বড় জয় পায় লাহোর কালান্দার্স।



























