ট্রাম্পের পোপ সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া থেকে ছবিটি এমন সময় পোস্ট করা হয়, যখন ক্যাথলিক বিশ্ব পোপ ফ্রান্সিসের মৃত্যুর শোক পালন করছে এবং পরবর্তী পোপ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত।
ছবিটিতে ট্রাম্পকে দেখা যায় সাদা বিশপের পোশাকে, মাথায় মাইটার ও গলায় বিশাল ক্রুশ ধারণ করে গম্ভীর ভঙ্গিতে আঙুল তুলে দাঁড়িয়ে থাকতে।
ছবিটি প্রকাশের পর নিউইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স অভিযোগ এনেছে, ট্রাম্প ধর্মবিশ্বাস নিয়ে উপহাস করেছেন। তাদের বক্তব্য, “এই ছবিতে কোনো চালাকি বা রসিকতা নেই, মি. প্রেসিডেন্ট। আমরা আমাদের প্রাণপ্রিয় পোপ ফ্রান্সিসকে বিদায় জানিয়েছি, এখন এমন ছবি দুঃখজনক।”
সংগঠনটি আরও জানায়, কার্ডিনালরা ইতোমধ্যে নতুন পোপ নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় ইতালির বামপন্থি সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জিও কড়া সমালোচনা করে বলেন, “এই ছবি বিশ্বাসীদের আঘাত করেছে এবং ক্যাথলিক প্রতিষ্ঠানকে অপমান করেছে।”
তবে হোয়াইট হাউস ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানাতে ইতালিতে গিয়েছিলেন এবং শেষকৃত্যে অংশ নেন। তিনি ধর্মীয় স্বাধীনতার প্রবল সমর্থক।”
প্রসঙ্গত, ৮৮ বছর বয়সে পোপ ফ্রান্সিস গত ২১ এপ্রিল ইস্টার সোমবার ভ্যাটিকানে মৃত্যুবরণ করেন।






















