ময়মনসিংহ নগরীর বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সংস্কার কাজ বিরতিহীনভাবে চালিয়ে যাচ্ছে সিটি করপোরেশন। এ কার্যক্রম তদারকিতে সক্রিয় ভূমিকা পালন করছেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার।
রবিবার সকাল ১১টায় তিনি নগরীর আকুয়া, মাসকান্দা ও চরপাড়া এলাকায় চলমান খাল পুনঃখনন কর্মসূচি সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে খালের উপর নির্মিত একটি ইউনিয়ন হাসপাতালের ভবন নিয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রশাসক। তিনি সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ওই অবৈধ স্থাপনা অপসারণে ৭ দিনের সময়সীমা বেঁধে দেন।
এ সময় জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।
প্রশাসক বলেন, “জলাবদ্ধতামুক্ত একটি সুন্দর নগরী গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা নিয়মিতভাবে খাল খনন ও সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি, যাতে নগরবাসী ভোগান্তি থেকে মুক্তি পায়।
উল্লেখ্য, প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই রোকনুজ্জামান সরকার যানজট নিরসনসহ বিভিন্ন জনবান্ধব কার্যক্রম হাতে নিয়েছেন। তার এসব উদ্যোগে নগরীর সচেতন মহলে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী মো.রফিকুল ইসলাম মিঞা, মসিকের প্রশাসনিক কর্মকর্তা আমিনুল ইসলাম জাহাঙ্গীর, নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম, বর্জ্য ব্যবস্হাপনা কর্মকর্তা মো. মহব্বত আলীসহ বিভিন্ন কর্মকর্তারা।

আনিসুর রহমান ফারুক 






















