ইয়েমেনের মধ্য ও পূর্বাঞ্চলে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পৃথক হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত ৩০ সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক সেনা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তারা জানান, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ না করার শর্তে তথ্য নিশ্চিত করেন।
ইয়েমেনের সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও নিহত-আহতের বিস্তারিত সংখ্যা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
হামলার বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গোষ্ঠীটি জানিয়েছে, শিগগিরই তারা একটি বড় সামরিক অভিযানের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবে।
২০২২ সালের এপ্রিলে কার্যকর হওয়া অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির পর এটিকে সবচেয়ে বড় সংঘাত এবং নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি হিসেবে দেখা হচ্ছে। ওই যুদ্ধবিরতির মাধ্যমে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে সংঘর্ষ অনেকটাই কমে এসেছিল।
উল্লেখ্য, ২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করার পর ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে পুনর্বহালের লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধে হস্তক্ষেপ করে। দীর্ঘদিনের এই সংঘাত এখন কার্যত অচলাবস্থার এক প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে।
সূত্র: এপি
আন্তর্জাতিক ডেস্ক 























