জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের নির্বাচন যদি আজই হতে চায়, তাতেও আপত্তি নেই। তবে নির্বাচনের পূর্বশর্ত হিসেবে একটি লিখিত নতুন সংবিধান প্রণয়ন করা আবশ্যক। তিনি শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার তুলাগাও গ্রামে অনুষ্ঠিত রাজনীতি শীর্ষক উঠান বৈঠকে এই বক্তব্য দেন।
হাসনাত বলেন, “নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তবে নির্বাচন শুরু হওয়ার আগে ভাঙা ঘর ঠিক করা প্রয়োজন। শুধুমাত্র দারোয়ান বদলালে হবে না, দরজা-জানালাসহ পুরো ঘরকে সংস্কার করতে হবে। আমরা মুখের কথা বিশ্বাস করি না, আমাদের প্রয়োজন লিখিত সংবিধান।”
ড. মুহম্মদ ইউনূসকে সরাসরি উদ্দেশ্য করে তিনি বলেন, “খেলার নিয়ম বদলালে সেটির আইনগত ভিত্তি দিতে হবে। নির্বাচনের ফল যেভাবেই হোক, জনগণ যাকে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন।” তিনি অভিযোগ তোলেন, “উপদেষ্টাদের কিছু অনিয়ম ও দুর্নীতি আমাদের চোখে পড়েছে। এ নিয়ে জনগণ প্রতারিত হচ্ছে।”
হাসনাত আরও বলেন, “আগামী নির্বাচন হবে আইনগত ভিত্তিতে, যেখানে ভোটার ও দেশের মানুষের আকাঙ্খা প্রতিফলিত হবে। দুর্নীতি ও অনিয়মের সঙ্গে সমঝোতা করার কোনো সুযোগ নেই। যারা সরকারি ক্ষমতার সুযোগ নিয়ে ভোট বা অর্থের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারিত করবে, তারা পরবর্তী প্রজন্মের চোখে ধরা পড়বে।”
বৈঠকে এনসিপির কেন্দ্রীয় ও উপজেলা নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, দেবিদ্বার উপজেলা আহ্বায়ক জামাল মোহাম্মদ কবীর, প্রমুখ।
স্টাফ রিপোর্টার 






















