নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তার জায়গা নিয়ে স্থানীয়দের সঙ্গে আবুল আক্কাস মাস্টারের বিরোধের অবসান হয়েছে। উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে রাস্তার জন্য নির্ধারিত জায়গা রেখে দেয়াল নির্মাণের কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তি।
এর আগে রাস্তার জায়গা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণাধীন দেয়াল অপসারণের নির্দেশ দেওয়া হয়। পরে আবুল আক্কাস মাস্টার প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলেন।
এ ঘটনায় তার আর্থিক ক্ষতি হয় বলে জানান তিনি। পরবর্তীতে স্থানীয় প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমঝোতায় নিষ্পত্তি হয়। সমঝোতা অনুযায়ী রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে পুনরায় দেয়াল নির্মাণের কাজ শুরু করা হয়েছে বলে জানান আবুল আক্কাস মাস্টার।
আবুল আক্কাস মাস্টার বলেন, “এর আগে অভিযোগের পর প্রশাসনের নির্দেশে আমার নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলতে হয়েছিল। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়। পরে প্রতিপক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী রাস্তার জন্য সোয়া এক ফুট জায়গা রেখে বর্তমানে দেয়াল নির্মাণের কাজ করছি।”
স্থানীয়রা জানান, রাস্তার চলাচল স্বাভাবিক রাখা এবং উভয় পক্ষের মধ্যে বিরোধের অবসানের জন্য আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় বিষয়টি এখন আর বিরোধের পর্যায়ে নেই।
এ বিষয়ে কেন্দুয়া পৌর কতৃপক্ষ জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি নজরে আসে। পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানা গেছে।
কেন্দুয়া প্রতিনিধি 


















