বাংলাদেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে চলেছে গুগলের মোবাইল পেমেন্ট সেবা ‘গুগল পে’। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী এক মাসের মধ্যেই এই সেবা আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে।
প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের ভিসা ও মাস্টারকার্ড (বাংলাদেশি মুদ্রায়) গুগল ওয়ালেটের সঙ্গে সংযুক্ত করতে পারবেন। এরপর অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) প্রযুক্তি-সমর্থিত যেকোনো পস (পয়েন্ট অব সেল) টার্মিনালে সহজেই লেনদেন করা যাবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকও এ সেবায় যুক্ত হবে।
সিটি ব্যাংক ও গুগল এই প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করছে। সেবা চালু হলে ক্রেতারা সহজেই ‘ট্যাপ অ্যান্ড পে’ পদ্ধতিতে দ্রুত, নিরাপদ ও আধুনিক উপায়ে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য লেনদেনে ব্যবহৃত এই ডিজিটাল ওয়ালেট ব্যবস্থায় গুগল নিজে কোনো গ্রাহকতথ্য সংরক্ষণ করবে না বলে জানানো হয়েছে। ফলে এই অ্যাপ চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের সরাসরি অনুমোদন প্রয়োজন হচ্ছে না। তবে যেসব ব্যাংক এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে চায়, তাদের সেবা চালুর আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করতে হবে।
গুগল ওয়ালেট ব্যবহার করে অনলাইন কেনাকাটা, বিল পরিশোধ বা ব্যক্তি থেকে ব্যক্তি ট্রান্সফারসহ বিভিন্ন লেনদেন সাধারণত চার্জবিহীন হয়, যদি ব্যবহারকারী নিজ ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন। তবে ব্যাংক নিজস্ব নীতিমালার আলোকে কিছু লেনদেনে ফি ধার্য করতে পারে। এছাড়া, লেনদেন আন্তর্জাতিক সার্ভারের মাধ্যমে প্রক্রিয়াজাত হলে ক্ষেত্রবিশেষে অতিরিক্ত ফি প্রযোজ্য হতে পারে বলে জানা গেছে।



























