ময়মনসিংহের চরপাড়ার যুবক ফয়সাল আহাম্মেদ রিগান। ২ ডিসেম্বর দুপুরে সে নিজের ফেসবুক প্রোফাইল ছবি বদলায়। সঙ্গে দেয় একটি আবেগঘন পোস্ট। সেখানে সে লেখে, বট গাছের ছায়ার মতো বিপদ আপদ থেকে রক্ষা করার কেউ তার মাথার উপরে নেই। কিন্তু তার চিন্তা নেই, কারণ স্বয়ং আল্লাহ তাকে দেখেন।
শেষ বাক্যটি ছিল তার বাবার উদ্দেশ্যে: “বাবা তুমি শুধু আমার জন্য দোয়া করো। ইনশাআল্লাহ্”। কে জানত, এই কথাগুলোই হবে তার জীবনের শেষ প্রকাশিত অনুভূতি।
পরিবার সূত্রে জানা যায়, সেদিনই সন্ধ্যায় রিগানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় কিছু চেনা মুখ। তাদের মধ্যে আত্মীয়-স্বজনও ছিল। রিগান স্বাভাবিকভাবেই বেরিয়েছিল, কোনো সন্দেহ করেনি।
কয়েক কদম যেতেই ভয়াবহ আক্রমণ। পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে এলোপাতাড়ি কোপ। রিগান টলতে টলতে পড়ে যায়। এক পর্যায়ে একজন তার গলা কাটতে চেষ্টা করে।
চারপাশের মানুষের চিৎকারে আক্রমণকারীরা সরে যায়। রক্তে ভেজা রিগানকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা করেন। অন্য ক্ষত সামলানো গেলেও, আঘাত ছিল মারাত্মক। রিগানের গলার স্পাইন ছিঁড়ে গিয়েছিল।জরুরি ভিত্তিতে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
দীর্ঘ লড়াই। ৭ ডিসেম্বর। সব চেষ্টা ব্যর্থ হলো। ডাক্তাররা জানালেন— রিগান আর নেই।
ফেসবুকে বাবাকে বলা শেষ বাক্যটিই সত্যি হলো। হয়তো বাবার দোয়ার শক্তিতেই সে চলে গেল অন্য এক আশ্রয়ে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার ওসি জানিয়েছেন, রিগান হত্যায় দুর্বৃত্তদের চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে।





















