আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। তবে আলোচনায় থাকা দলের কেন্দ্রীয় নেতা রুমিন ফারহানার নাম এই তালিকায় দেখা যায়নি।
বিএনপি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন রুমিন ফারহানা। কিন্তু ঐ আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।
তিনি বলেন, “এটি কেবল একটি সম্ভাব্য প্রার্থী তালিকা। দলের প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় এতে পরিবর্তন আসতে পারে।”
দলের সিদ্ধান্ত অনুযায়ী, বাকি ৬৩টি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এর মধ্যে কিছু আসন রাখা হয়েছে জোট শরিকদের জন্য, এবং অবশিষ্ট আসনগুলো নিয়ে পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে।
তালিকা চূড়ান্ত করতে সোমবার দুপুর সাড়ে ১২টায় গুলশান কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
বিএনপি মহাসচিব বলেন, “আমরা আজ ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছি। যারা আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন, তাদের সঙ্গেও আলোচনা করে বাকি আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই তালিকাটি আপাতত উপযুক্ত ও সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক তালিকা।”
রুমিন ফারহানার নাম না থাকা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। দলের ভেতরেও অনেকে মনে করছেন, দলীয় কৌশলগত কারণে আপাতত তার নাম বাদ রাখা হয়েছে।
স্টাফ রিপোর্টার 
























