ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ব্যক্তিগত পুরস্কারে দাপট দেখিয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের তারকা রদ্রি ও উনাই সিমন এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি। সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুট উঠেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। আর সেরা গোলকিপারের গোল্ডেন গ্লাভস জিতেছেন স্পেনের উনাই সিমন।
পুরো টুর্নামেন্টে স্পেনের মাঝমাঠ নিয়ন্ত্রণ করে দলকে শিরোপা জয়ে নেতৃত্ব দেন রদ্রি। ফাইনালেও আর্জেন্টিনার আক্রমণভাগকে কার্যকরভাবে আটকে রেখে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সেই স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল গ্রহণ করেন স্পেন অধিনায়ক।
এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে যান কিলিয়ান এমবাপ্পে। ফাইনালে লিওনেল মেসি গোল করতে না পারায় ৮ ম্যাচে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করেন এই ফরাসি ফরোয়ার্ড। মেসি ৮ গোল ও ৪ অ্যাসিস্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকেন।
এর মাধ্যমে ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়লেন এমবাপ্পে। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও সর্বোচ্চ ৮ গোল করে এই পুরস্কার জিতেছিলেন তিনি।
অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে গোলপোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্সের জন্য গোল্ডেন গ্লাভস জিতেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে ৮ ম্যাচে মাত্র ১ গোল হজম করেন তিনি এবং ৭টি ক্লিন শিট রেখে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

স্পোর্টস ডেস্ক 

























