ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে আকস্মিক বন্যায় পাঁচ ভারতীয় সেনাসদস্য নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর একটি ক্যাম্পের দুটি আশ্রয়কেন্দ্রও পানির স্রোতে ভেসে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শনিবার অরুণাচল প্রদেশের স্টেট ইমার্জেন্সি অপারেশনস সেন্টার (এসইওসি) পাঁচ সেনাসদস্য নিখোঁজের তথ্য নিশ্চিত করে। নিখোঁজদের উদ্ধারে সেনাবাহিনী ও বিভিন্ন উদ্ধারকারী সংস্থা অভিযান চালাচ্ছে।
জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে দিবাং ভ্যালির পাসু পানিতে আকস্মিক বন্যা দেখা দেয়। মিপি সার্কেল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের ওই এলাকায় পাহাড়ি ঢলের মতো পানির প্রবল স্রোত নেমে এসে আশপাশের এলাকা প্লাবিত করে।
পুলিশ সুপার পঙ্কজ কুমার জানান, পাসু পানি আর্মি ক্যাম্পে থাকা ৫ম গ্রেনেডিয়ার্সের দুটি আশ্রয়কেন্দ্র পানির স্রোতে ভেসে যায়। এ সময় সাত সেনাসদস্য পানির মধ্যে আটকা পড়েন। পরে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি পাঁচজন এখনো নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ), ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তার (ডিডিএমও) সদস্যরা তল্লাশি ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 
























