মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, তারা বিষয়টি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
শুক্রবার (২৮ আগস্ট) সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ করে কোনো বিষয় ভারতের নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট হলে সেটির ওপর তারা নিবিড়ভাবে নজর রাখেন।
সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহের কথা জানান। পরে বৃহস্পতিবার (২৭ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চুক্তিটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, মক্কা চুক্তি বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা এবং এটি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে। তবে এখনই যোগদান বা না করার সিদ্ধান্তের বিষয়টি আসেনি। চুক্তির সদস্যরা বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে।
বাংলাদেশের এমন অবস্থানের বিষয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে জয়সওয়াল বলেন, “আমরা সব ঘটনার ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছি। বিশেষ করে, তা যদি ভারতের নিরাপত্তাসংক্রান্ত বিষয় হয়। নিরাপত্তা সুরক্ষায় আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিয়ে থাকি।”
সূত্র: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট
আন্তর্জাতিক ডেস্ক 























