নেত্রকোনার মদনে মহিউদ্দিন মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৮ জন ব্যবসায়ী এবং বজ্রপাতে নিহত এক কৃষকের পরিবারের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাদির হোসেন শামীম এসব চেক বিতরণ করেন।
জানা যায়, ২০২৫ সালের ২৬ নভেম্বর সকালে মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকার আলহাজ মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কাপড়পট্টিসহ প্রায় ২৫ থেকে ৩০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনের সময় মালামাল সরাতে গিয়ে আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও ক্ষতির মুখে পড়ে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৮ জন ব্যবসায়ীকে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ২৬ হাজার টাকার সরকারি অনুদানের চেক প্রদান করা হয়।
এ ছাড়া, গত ২৪ মে ২০২৬ বাগজান গ্রামের কৃষক আমিনুল ইসলাম এরশাদ (৬৫) বজ্রপাতে নিহত হলে তাঁর পরিবারের হাতে মানবিক সহায়তা হিসেবে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সাকের খান, সাংগঠনিক সম্পাদক নিজাম তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলহাজ মহিউদ্দিন মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম হাসান বলেন, “আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে সরকার যে মানবিক সহায়তা দিয়েছে, এজন্য আমরা উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে সরকারি সহায়তার চেক তুলে দিতে পেরে ভালো লাগছে। একই সঙ্গে বজ্রপাতে নিহত কৃষকের পরিবারের হাতেও মানবিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। সরকার সবসময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।”

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 

























