নেত্রকোনার মদনে পৌর বিএনপির নেতা এনামুল হকের ব্যক্তিগত উদ্যোগে তিন শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করা হয়েছে।
রোববার পৌর সদরের কোর্ট বিল্ডিং সিলেট বাসস্ট্যান্ড এলাকায় তাঁর নিজ কার্যালয় থেকে এসব বীজ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মো. সাকের খান এবং বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
বিএনপি নেতা এনামুল হক বলেন, “আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষককে ফসল উৎপাদনে কত ব্যয় করতে হয়, তা আমি জানি। কৃষকের সুখ-দুঃখ আমি উপলব্ধি করি। তাদের কথা বিবেচনা করেই যাতে মৌসুমের শুরুতেই উৎপাদন ব্যয় কিছুটা কমানো যায়, সে লক্ষ্যেই বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণের উদ্যোগ নিয়েছি।”

মদন (নেত্রকোনা) প্রতিনিধি 






















