‘সমাজের বড় অংশই শিশু। আর আমাদের দেশের শিশুদের বড় একটা অংশ এখনও সুবিধা বঞ্চিত হয়ে আছে। দারিদ্র্যতা, পারিবারিক সমস্যা, সামাজিক নিরাপত্তার অভাব ইত্যাদি কারনে সুবিধা বঞ্চিত শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষার আলো থেকে।
বঞ্চিত হচ্ছে সুনাগরিক হয়ে উঠার সুযোগ থেকে। ক্ষুধা, রোগ, আপদ বিপদ এদের নিত্য সঙ্গী। এদের কেউ কেউ বিপথেও চলে যাচ্ছে। তাই এসব শিশুদের রক্ষায় সামাজিক এবং রাষ্ট্রীয় উভয় দিক থেকেই সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। এদের জীবন মান বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তবেই সমাজে এর সুনাগরিক হিসেবে প্রতিষ্টিত হবে। বেড়ে উঠবে আর দশটা সাধারণ শিশুর মতোই’।
সোমবার দুপুরে ময়মনসিংহে কারিতাস আলোকিত শিশু প্রকল্প আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। আলোচনার বিষয় ছিল ‘সুবিধা বঞ্চিত শিশুদের অধিকার, চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রবন্ধ পাঠ করেন আনন্দ মোহন কলেজের সমাজসেবা বিভাগের সহযোগি অধ্যাপক মোহাম্মদ রশিদুল আলম। সভাপতিত্ব করেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সিডস এর প্রোগ্রাম ম্যানেজার দুলেন আরেং।
বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনসারী, প্রবেশন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরীর পারভীন। প্রতিষ্ঠানের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা বুলবুল মানখিন। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্কুল শিক্ষক, সাংবাদিক, শিশু সুরক্সা কমিটি, অভিভাক ও শিশু মহ ৮০ জন অংশ নেন।
















