বিশ্বকাপ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের উদ্দেশে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়েছেন এসি মিলান ও পর্তুগাল জাতীয় দলের উইঙ্গার রাফায়েল লেয়াও।
নিজের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেয়াও লিখেছেন, “মেয়েরা, বিশ্বকাপ শেষ। এখন ফুটবল বোঝার ভান করা বন্ধ করতে পারো।” এই মন্তব্য প্রকাশের পরই সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই এটিকে নারীবিদ্বেষী ও অসম্মানজনক মন্তব্য হিসেবে আখ্যা দেন।
সমালোচনার মুখে পরে একই অ্যাকাউন্টে আরেকটি পোস্ট দিয়ে লেয়াও লেখেন, “বন্ধুরা, এই ইনস্টাগ্রামকে এত সিরিয়াসভাবে নিও না।” তবে তার এই ব্যাখ্যাও বিতর্ক থামাতে পারেনি।
ব্রিটিশভিত্তিক এসি মিলানবিষয়ক সংবাদমাধ্যম SempreMilan জানিয়েছে, চলতি গ্রীষ্মে এটি লেয়াওকে ঘিরে আরেকটি বিতর্ক। এর আগে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করে দেওয়া একাধিক সাক্ষাৎকারও সমর্থকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছিল।
প্রতিবেদনে আরও বলা হয়, লেয়াওকে নিয়ে এসি মিলানের অবস্থানও বদলেছে। ক্লাবটি তার সম্ভাব্য বিকল্প খোঁজার কাজ শুরু করলেও এখন পর্যন্ত প্রত্যাশিত কোনো প্রস্তাব আসেনি। ফলে আগামী মৌসুমেও তিনি মিলানে থেকে যেতে পারেন।

স্পোর্টস ডেস্ক 

























