ময়মনসিংহ-ঢাকা রেলপথে একই দিনে দুটি ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
রেলওয়ে সূত্র জানায়, ত্রিশালের ফাতেমানগর স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ইঞ্জিন বিকল হয়ে গেলে ওই লাইনে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ময়মনসিংহ থেকে বিকল হয়ে পড়া ট্রেনটি উদ্ধারে একটি রিলিফ ইঞ্জিন পাঠানো হয়। বেলা ১২টা ৪০ মিনিটের দিকে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি উদ্ধার করা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে একই দিন সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটির ইঞ্জিন গফরগাঁও উপজেলার হাতীখলা এলাকায় বিকল হয়ে পড়ে। ট্রেনটির চালক ও রেলওয়ের কর্মীরা চেষ্টা চালিয়ে ইঞ্জিনটি সচল করেন। পরে সকাল সোয়া ১০টার দিকে ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
দুটি ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনায় সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপার আবদুল্লাহ আল হারুন বলেন, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার পরে রিলিফ ইঞ্জিন পাঠানো হয়েছে। বিকল্প ইঞ্জিন গিয়ে ট্রেনটি উদ্ধার করে নিয়ে আসে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
স্টাফ রিপোর্টার 





















