অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৫-২০২৬ সফল করার লক্ষ্যে খাদ্য বিভাগীয় কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সরকার।
শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকগণ তাদের নিজ নিজ স্থাপনার কার্যক্রম তুলে ধরেন।
এ সময় ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জনাব মোঃ আশরাফুল আলম বলেন, এ বিভাগে আমন সংগ্রহ ২০২৫-২০২৬ এর আওতায় ধানের লক্ষ্যমাত্রা ৫৪৪০.০০০ মে.টন এবং চালের লক্ষ্যমাত্রা ৯৬,০৫৯.০০০ মে.টন, যা সকল জেলায় বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রশাসক মো: সাইফুর রহামন বলেন, খাদ্য বিভাগের সাথে সমন্বয়ের মাধ্যমে সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তা নির্ধারিত তারিখের মধ্যে শতভাগ বাস্তবায়ন করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভায় খাদ্য অধিদপ্তরের পরিচালক মোঃ মনিরুজ্জামান জনান, কৃষকের কাছ থেকে দ্রুততার সহিত ধান ক্রয় করতে হবে, ব্যতয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য বিভাগের সচিব মোঃ ফিরোজ সরকার, খাদ্য বিভাগের কর্মকর্তাগণকে স্থানীয় প্রশাসনের সাথে নিবীড়ভাবে যোগাযোগ রেখে সংগ্রহ কার্যক্রম দ্রুততার সহিত সম্পন্ন করার জন্য নির্দেশ দেন। এছাড়া কোন সমস্যার উদ্ভব হলে দ্রুততার সহিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমাধান করার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য মতবিনিময় সভার পূর্বে খাদ্য সচিব ময়মনসিংহ সিএসডির চাল ও ধান সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং ময়মনসিংহ রাইস সাইলো পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ বিভাগের চার জেলার জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ।






















