ময়মনসিংহ সিটি করপোরেশনের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন সিটি করপোরেশনের প্রশাসক রোকনুজ্জামান রোকন।
ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৬৭৬ কোটি ৩ লাখ টাকা।
এছাড়া ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৬৪৩ কোটি ৭৯ লাখ টাকা। নতুন অর্থবছরে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ৭৯০ কোটি ১১ লাখ টাকা।
বাজেট ঘোষণাকালে সিটি প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন পার্শ্ববর্তী জেলার বিপুলসংখ্যক মানুষ ময়মনসিংহ নগরীতে আসেন। ফলে জনসংখ্যা ও নাগরিক সেবার চাহিদা ক্রমাগত বাড়ছে। তবে শিল্পপ্রতিষ্ঠান ও বড় ধরনের বাণিজ্যিক কেন্দ্রের অভাবে স্থানীয় রাজস্ব আয় সীমিত থাকায় কাক্সিক্ষত উন্নয়ন বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ রয়েছে।
তিনি বলেন, এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। তবে সিটি করপোরেশনের নতুন সম্প্রসারিত এলাকায় প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার পর সেখানে কর নির্ধারণ করা হবে। এর আগে নতুন করে কোনো খাতে কর আরোপের পরিকল্পনা নেই।
দায়িত্ব গ্রহণের পর থেকে নগর উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসনে ড্রেন ও খাল পরিষ্কার করা হয়েছে। একসময় দখল ও ময়লায় ভরাট হয়ে যাওয়া আকুয়া ও গোহাইলকান্দি খালে এখন আবার পানির প্রবাহ ফিরেছে। চলতি বর্ষায় নগরবাসী সাময়িক জলজটের মুখোমুখি হলেও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে হয়নি।
তিনি জানান, ড্রেন ও খাল নিয়মিত পরিষ্কারের জন্য সাড়ে পাঁচশ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বস্তি উন্নয়ন, পরিচ্ছন্ন নগর গড়ে তোলা, ফুটপাত দখলমুক্ত করা এবং যানজট নিরসনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে সরকারের নীতিমালার আওতায় থেকেই নগরবাসীর প্রত্যাশা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মিয়া, পরিবহন মহাব্যবস্থাপক রাজীব উল হাসান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 






















