রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি শিগগিরই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
বিএনপি ও সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকেও বার্তা দেওয়া হয়েছে বলে আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।
২০২৩ সালের এপ্রিলে আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানের পরও তিনি দেশের শীর্ষ সাংবিধানিক পদে বহাল থাকা একমাত্র ব্যক্তি।
এদিকে সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াতে পারেন মো. সাহাবুদ্দিন।
ওই পোস্টে আরও বলা হয়, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম আলোচনায় রয়েছে। এছাড়া বিএনপির সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির আরও কয়েকজন শীর্ষ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে।
তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ কিংবা নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চললেও তা এখনো গুঞ্জনের পর্যায়েই রয়েছে।

স্টাফ রিপোর্টার 























