বিএনপির স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান অঙ্গিকারবদ্ধ, বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন- বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শতভাগ জুলাই সনদের পক্ষে। আমরা এই সনদ বাস্তবায়ন চাই। এ লক্ষ্যে আমরা দলীয়ভাবে জনমত গঠনের জন্য প্রচারণা কর্মসূচি পালন করছি। কিন্তু একটি মহল জুলাই সনদ নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এবিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।
মঙ্গলবার (১৯ মে) বিকালে ময়মনসিংহ নগরীর নতুন বাজার এলাকায় জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে প্রচারপত্র বিতরণপূর্ব এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জলা উত্তর বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম। এ সময় সংগঠনের যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আব্দুস সাত্তার, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম কামাল, সাধারন সম্পাদক মহিবুল হক টুটুল, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল প্রমূখ।
এদিকে সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য ময়মনসিংহ নগরীতে প্রচারপত্র বিতরণ করে উত্তর জেলা বিএনপি। এ সময় ‘নোট অব ডিসেন্ট’ সমূহ বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে শ্লোগান দেয় দলীয় নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার 























