নবায়নযোগ্য জ্বালানিনির্ভর টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাগরিক প্রতিশ্রুতি সনদে স্বাক্ষর করেছেন ময়মনসিংহ-৪ আসনের দুই সংসদ সদস্য পদপ্রার্থী।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীতে অনুষ্ঠিত স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী এডভোকেট এমদাদুল হক মিল্লাত আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেন।
নাগরিক প্রতিশ্রুতি স্বাক্ষর অনুষ্ঠানটির উদ্যোগ নেয় অন্যচিত্র ফাউন্ডেশন, ক্লিন ও বিডাব্লিউজিইডি। অনুষ্ঠানে বক্তারা নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।
এসময় অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা এবং ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, ময়মনসিংহ-এর সদস্য সুমন সরকার উপস্থিত ছিলেন। তারা বলেন, নাগরিক প্রতিশ্রুতি সনদ রাজনৈতিক অঙ্গীকারকে জনস্বার্থের সঙ্গে যুক্ত করার একটি কার্যকর উদ্যোগ, যা নবায়নযোগ্য জ্বালানির পথে জাতীয় রূপান্তরকে বেগবান করবে।
অনুষ্ঠানটি পরিবেশবান্ধব উন্নয়ন ও সবুজ জ্বালানি নিয়ে জনসচেতনতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেন।
শাহ্ নাফিউল্লাহ সৈকত 























