দীর্ঘ ১৭ বছর পর কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ২৫৩ ভোট পেয়ে এ্যাড. মঞ্জুর কাদের বাবুল খান সভাপতি এবং ২৬০ ভোট পেয়ে মিজানুর রহমান রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ্যাড. মঞ্জুর কাদের বাবুল খান উপজেলা বিএনপির আহবায়ক ও মিজানুর রহমান রতন যুগ্ম আহবায়ক ছিলেন। ব্যালটের মাধ্যমে হওয়া এ নির্বাচনে ৪৭৬ জন ডেলিগেট ও কাউন্সিলর ভোট দেন।
শনিবার (১০ মে) সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয়ে সাতটি কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এর আগে দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন জাতীয় সংগীত, দলীয় সংগীত পরিবেশনা, পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন ওড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় নেতা-কর্মীরা সম্মেলনে অংশ নেন।
জানা গেছে, সম্মেলনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ভোট গণনা শেষে সভাপতি প্রার্থী এ্যাড. মঞ্জুর কাদের বাবুল খান ২৫৩ ভোট, ফায়েজুল ইসলাম লাঞ্জু ২২৩ ভোট পেয়েছেন এবং সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রতন ২৬০ ভোট ও আব্দুল মান্নান ২১৫ ভোট পেয়েছেন।
দীর্ঘদিন পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণের এই প্রক্রিয়া বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করছেন দলের নেতা-কর্মীরা। এ নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক মঞ্জুর কাদের বাবুল খান। প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, জেলা বিএনপির উপদেষ্টা ফায়েজুল ইসলাম লাঞ্জু, জিল্লুর রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, ধর্ম বিষয়ক সহ-সম্পাদক মাসুদ খান, মাদারগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল প্রমুখ।
উল্লেখ্য, ২০০৯ সালের সম্মেলনে ফায়েজুল ইসলাম লাঞ্জু সভাপতি ও মাসুদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর ২০২০ সালে আহবায়ক কমিটি গঠিত হয়। আহবায়ক হন মঞ্জুর কাদের বাবুল খান এবং যুগ্ম আহবায়ক হন আব্দুল মান্নান, মিজানুর রহমান রতন ও জিয়াউর রহমান জিয়া।




















