পরিকল্পিত ও বাসযোগ্য নগরায়ন গড়ার লক্ষ্যে প্রথমবারের মতো ১০টি ভবনের নকশা অনুমোদনের মধ্যদিয়ে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির বিসি কমিটির সভায় আবেদিত এসব ভবনের নকশা যাছাই-বাছাই করে সদস্যদের সর্বসম্মতিক্রমে এই অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে বিসি কমিটির সভা শেষে গণপূর্ত ভবনের নিচতলায় স্থাপিত মউকের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো: মোতাহার হোসেন তালুকদার সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে মউক চেয়ারম্যান বলেন, আমরা আজকে বি.সি কমিটির সভা করেছি। এই সভায় ময়মনসিংহ জিলা স্কুল মসজিদ ভবনের নকশাসহ মোট ১০টি ভবন নকশা অনুমোদন দিয়েছি। তবে বহুতল ভবনগুলোর আরও খতিয়ে দেখে পরবর্তীতে অনুমোদন দেওয়া হবে। তিনি আরও বলেন, যারা বাড়ী করতে চান তাদের প্রতি আমাদের সহযোগিতা থাকবে। আমরা চাই, পরিকল্পিত নগরায়নে বাসযোগ্য বসতি গড়তে। বিগত সময়ের মতো অপরিকল্পিত ভবন নগরীতে আর হতে দেওয়া হবে না। এজন্য সবাইকে বাড়ী নির্মাণে কিছু শর্ত মানতে হবে।
এ সময় বিসি কমিটির সদস্য ও স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম বলেন, পরিকল্পিত নগরী গড়তে রাস্তার প্রশস্তা বিবেচনা করে আইন মেনে ভবন অনুমোদন করা হবে। এতে কিছু শর্ত থাকলেও কঠিন কোন শর্ত নেই। আমরা পরিকল্পিত নগরায়নে পরিচ্ছন্ন চর্চা করতে চাই। কারিগর ক্ষেত্রেও আমরা আরও সচেতন হতে চাই। তবে বিধিবর্হিভূত ভবন নির্মান কাজ করা হলে আইন অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) স্নিগ্ধা দাস, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো: গোলাম মাছুম প্রধান, সিনিয়র প্লানার ড. আহম্মেদ আখতারুজ্জামান, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস।
স্টাফ রিপোর্টার 




















