নেত্রকোণার কেন্দুয়ায় মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের দায়ে তিনজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটে নেত্রকোণা জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কেন্দুয়া পৌর শহরের মাস্টারপাড়া এলাকার রামলাল রবিদাসের নিজ দখলীয় পরিত্যক্ত বসতঘরে এ অভিযান পরিচালনা করে । এ সময় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তিনজনকে আটক করা হয় ।
আটকৃতরা হলেন— কুণ্ডলী গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন (২৬), একই গ্রামের মৃত আসর উদ্দিনের ছেলে মো. ফজলু তালুকদার (৫০) এবং বাদে আঠারবাড়ি গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে মো. সায়েম (৪৩)।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী । তিনি আটক তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের পুলিশ পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কেন্দুয়া প্রতিনিধি 




















