আওয়ামী লীগ নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে গেজেট প্রকাশের জন্য অপেক্ষা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, গেজেট প্রকাশের পর দলের নিবন্ধন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হবে। গেজেট প্রকাশ হলে আমরা নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে আলোচনায় বসব। কমিশনের আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আমাদের বর্তমান বাংলাদেশের স্পিরিট বুঝেই সিদ্ধান্ত নিতে হবে।
রোববার (১১ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
যদি কাল গেজেট হয় তাহলে কালই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
সিইসি আরও জানান, ‘জুলাই গণঅভ্যুত্থানের আলোকে পরিস্থিতি আমাদের কাছে পরিষ্কার।’
৭ মে মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের গোপনে থাইল্যান্ডে যাত্রার পরই নতুন করে রাজনৈতিক কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে একাধিক সংগঠন ও রাজনৈতিক দল যুক্ত হয়।
গত দুই দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র ও সাধারণ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করছে। গণদাবির প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের ধারাবাহিকতায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, সোমবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
























