নেত্রকোনার মোহনগঞ্জে নারী কমিশন বাতিলের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার নগর মাদানিয়া বালিকা মাদরাসা প্রাঙ্গণে বাংলাদেশ মাদানি ছাত্রী কাফেলার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা অঞ্চল মহিলা জমিয়তের আহ্বায়ক বেগম শরীফা আমীন, নগর মাদানিয়া বালিকা মাদরাসা ছাত্রী সংসদের জিম্মাদার নওরিন আক্তার, ছাত্রী জমিয়তের জিম্মাদার আকলিমা আক্তার ও তায়্যিবা জান্নাত প্রমুখ।
বক্তব্যে বেগম শরীফা আমীন বলেন, “সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে নারী কমিশনের সুপারিশ আমরা মেনে নিতে পারি না। কতিপয় নাস্তিক্যবাদী মহিলারা পশ্চিমা সংস্কৃতি আমাদের ওপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারে না। পতিতাবৃত্তিকে শ্রমিকের মর্যাদা দেওয়ার প্রস্তাব নারীদের অপমানের শামিল। এসব ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল দাবির প্রতি একাত্মতা প্রকাশ করছি এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিতর্কিত নারী কমিশন বাতিলের জোর দাবি জানাচ্ছি।”
এ সময় নারী কমিশনের বিভিন্ন বিতর্কিত ধারা ও উপধারা নিয়ে আলোচনা করেন মাদানী কাফেলা বাংলাদেশের সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী।
তিনি বলেন, “ইসলাম নারী জাতিকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। ৯০ ভাগ মুসলিম নারীর বিশ্বাসের বিপরীত কোনো বিধান এ দেশের মা-বোনেরা কখনোই মেনে নেবে না। বিতর্কিত নারী কমিশন বাতিলের লক্ষ্যে সকলকে এগিয়ে এসে গণসচেতনতা গড়ে তুলতে হবে।”

























