ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘বাংলা কিউআর’-এর ব্যবহার সম্প্রসারণে ময়মনসিংহে অগ্রণী ব্যাংক পিএলসির উদ্যোগে মতবিনিময় সভা ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় নগরীর ছোটবাজারে অগ্রণী ব্যাংক চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় অগ্রণী ব্যাংক পিএলসির ময়মনসিংহ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আবু বকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অগ্রণী ব্যাংক পিএলসির সার্কেল সচিবালয়ের উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা খানম এবং মো. আইয়ুব আলী।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন সহজ, নিরাপদ ও দ্রুত করতে ‘বাংলা কিউআর’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নগদ অর্থের ব্যবহার কমিয়ে ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ উদ্যোগকে আরও বিস্তৃত করার ওপর তারা গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোটবাজারে অগ্রণী ব্যাংক চত্বরে এসে শেষ হয়।
এ সময় অগ্রণী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেলিম আকন্দ 























