বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ধানের জাত পরিচিত, উৎপাদন কলাকৌশল ও শস্যবিন্যাসে অন্তর্ভুক্তকরণ বিষয়ক কৃষি প্রশিক্ষন কর্মশালা এবং বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারনের লক্ষ্যে মাঠ দিবস হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে সদরের অষ্টধার ইউনিয়নে কৃষক প্রশিক্ষন ও মাঠ দিবসের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এ সময় বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শরিফুল হক ভূঁইয়ার সভাপতিত্বে ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সালমা আক্তার, বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের কৃষক প্রতিনিধি একেএম আনিসুজ্জামান, বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইব্রাহিম খলিল, বিনার এসআরএবির প্রকল্প পরিচালক ডঃ মোহাম্মদ মাহবুবুল আলম তরফদার উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ তার বক্তব্যে বলেন, আমার বাবা একজন প্রকৃত কৃষক ছিলেন। তাই কৃষকের সুখ দুঃখ আমি বুঝি। আমি আপনাদের হৃদয়ের টানে এখানে এসেছি। আমি কৃষকের সন্তার এটাকে নিয়ে গর্ববোধ করি। কৃষকের জীবিকা আরো উন্নত করার জন্য বিনা কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধান কৃষকদের মাঝে পৌঁছে দেওয়া তাদেরকে উৎসাহ দেওয়া এবং এটা করার জন্য কৃষকদের প্রণোদনাসহ সকল সুযোগ সুবিধা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। প্রধানমন্ত্রীর এই কথার মূল্যায়ন করার জন্য আমরা এই কাজগুলোকে উন্নতভাবে ত্বরান্বিত করতে চাই। বিনা ধান- ২৫ এই ধানটি অত্যন্ত ভালো মানের ধান। এটি রপ্তানি করার মত একটি যোগ্য ধান। এই ধানটি খুব স্বাস্থ্যসম্মত এবং সুস্বাদু হবে। কৃষকরা এই ধান চাষ করলে অধিক ফলন হবে এবং কৃষকরা লাভবান হবে বলে আমি মনে করি ।
এছাড়াও বিনার কর্মকর্তারা বলেন, দেশে চাহিদা অনুসারে লম্বা ও চিকন (প্রিমিয়াম কোয়ালিটি) চাল অপ্রতুল থাকায় মোটা ও মাঝারী চালবিশিষ্ট ধানের জাতের চাল পলিশ করে মিনিকিট পাজাম নাজিরশাইল, জিরাশাইল ইত্যাদি নামে বাজারজাত করা হয়। ফলশ্রুতিতে একদিকে যেমন আমরা প্রতি টন চালে ১০ কেজি করে চাল হারাচ্ছি অন্যদিকে চালে থাকা ভিটামিন ‘বি’ প্রোটিন, ফাইবার, জিংক, আয়রন ইত্যাদি পুষ্টি উপাদান থেকেও বঞ্চিত হচ্ছি। পাশাপাশিভাবে পলিশ করা চালের গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি হয় যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। এগুলোর সমস্যা গুলোকে দূর করার জন্য উদ্ভিদ প্রজনন বিভাগ, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) গাবেষণার মাধ্যমে প্রিমিয়াম কোয়ালিটি চালবিশিষ্ট বিনা ধান-২৫ জাতটি উদ্ভাবন করে। বিনা ধান-২৫’ এর চাল প্রিমিয়াম কোয়ালিটির হওয়ায় পলিশ করার কোন প্রয়োজন পড়ে না। এছাড়াও এ ধানের জাতটি চিকন চালের আমদানী নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ও ভূমিকা রাখবে।
মো.মনিরুজ্জামান 






















