শেষ মুহূর্তে চলতি আইপিএল মৌসুমে দল পেলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক সরে দাঁড়ানোয় তার জায়গায় মুস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটি তাকে নিয়েছে ৬ কোটি রুপিতে। যদিও নিলামে দুই কোটি রুপি ভিত্তিমূল্যে থাকলেও তাকে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি উত্তেজনার পর দলে জায়গা মিলেছে ‘দ্য ফিজ’-এর।
বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে আইপিএল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। সাময়িক বিকল্প হিসেবে মুস্তাফিজকে নিয়েছে দিল্লি, ফলে চলতি আসরের শেষ পর্যন্তই তাকে খেলানো যাবে। নিয়ম অনুযায়ী, আগামী আসরের জন্য তাকে ধরে রাখতে পারবে না দলটি।
আইপিএলে এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে দলে নেওয়া খেলোয়াড় এখন মুস্তাফিজ। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজা কলকাতা নাইট রাইডার্সে যোগ দিয়েছিলেন ৬ লাখ ডলারে, যা সে সময় প্রায় চার কোটি টাকার সমান ছিল।
দিল্লি এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে আছে। প্লে-অফে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে দলটির সামনে। বাকি ৪টি ম্যাচে মাঠে নামার সুযোগ পাবেন মুস্তাফিজ।
২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও সর্বশেষ ২০২৪ মৌসুমে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। এবার আবারও দিল্লির জার্সিতে মাঠে নামতে চলেছেন এই বাঁহাতি পেসার।
আইপিএলে মুস্তাফিজের অভিজ্ঞতাও রয়েছে অনেক। তিনি এখন পর্যন্ত ৫৭ ম্যাচে নিয়েছেন ৬১ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলেছেন ১০৬ ম্যাচ, নিয়েছেন ১৩২ উইকেট।



























