নেত্রকোনার মোহনগঞ্জে ইদু মিয়া (২০) নামে এক যুবককে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মো. রফিক ওরফে হাবু ওরফে আবু (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার ছয়াশী গ্রামের মৃত আন্দুল হেকিমের ছেলে।
মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান।
এর আগে সোমবার (২ জুন) থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে ছয়াশী (হাটনাইয়া) এলাকা থেকে রফিককে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ জানায়, গত ২৬ মে রাত সাড়ে ৯টার দিকে মোহনগঞ্জের আদর্শনগর শিবির এলাকার বাসিন্দা রায়হান আহমেদ ইদু মিয়া নিখোঁজ হন। পরদিন সকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত ব্র্যাক শিশু স্কুলের ভেতর থেকে তার ক্ষতবিক্ষত ও গলাকাটা লাশ উদ্ধার করে। এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহতের বড় ভাই মো. সুমন মিয়া পরদিন মোহনগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হত্যার মূল রহস্য উদঘাটন করে।
গ্রেপ্তার রফিক জিজ্ঞাসাবাদ ও আদালতে দেওয়া জবানবন্দিতে জানান, স্থানীয় মোশারফ হোসেন নামে এক যুবকের সঙ্গে ইদুর অনলাইন জুয়া সংক্রান্ত আর্থিক বিরোধ ছিল। এর জেরে ২৬ মে রাতে মোশারফ, রফিকসহ আরও কয়েকজন মিলে ইদুকে কৌশলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে মুখ বেঁধে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়। হত্যার পর ব্যবহৃত অস্ত্র পাশের একটি বিলে ফেলে তারা পালিয়ে যায়।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
























